আইন ভাঙলে কাউকে ছাড় নয়, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মাহদী আমিন
রাজধানীর বিভিন্ন স্থানে হামলা এবং কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, আইন অমান্য করে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ঢাকায় সালমান মুক্তাদিরের স্টুডিও এবং মিরপুরের একটি ক্লিনিকে হামলার ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এসব ঘটনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মাহদী আমিন বলেন, যুক্তরাষ্ট্র সফরে থাকায় দেশে ফেরার পর তিনি ঘটনাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এরই মধ্যে মিরপুর-১ নম্বরের একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুত নয়জনকে আইনের আওতায় আনা হয়েছে।
মাহদী আমিন বলেন, কোনো অপরাধী সরকারের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা কিংবা রাজনৈতিক দলের প্রভাবশালী কারও নাম ব্যবহার করে পার পাওয়ার চেষ্টা করলেও তাকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, যদি কেউ সরকারের কর্তাব্যক্তির নাম কিংবা দলের কারও নাম বা পরিচিতি ব্যবহারের মাধ্যমে এ ধরনের কাজ করে, তাহলে আইন তার নিজের গতিতে চলবে। সরকার এ বিষয়ে সর্বোচ্চ কঠোর অবস্থান নেবে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন প্রয়োগে তৎপর রয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা এবং আইনের শাসন বজায় রাখতে সরকার যেকোনো ধরনের অস্থিতিশীলতা কঠোর হাতে দমন করবে।
মতামত দিন