Views Bangladesh Logo

সংবিধান পরিবর্তন ছাড়া সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার সুযোগ নেই: আমীর খসরু

সংবিধান পরিবর্তনের আগে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, এটা তো সাংবিধানিকভাবে করতে হবে। সংবিধান পরিবর্তনের আগে এটি করার সুযোগ নেই। সংসদ সাংবিধানিকভাবে চলতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনেও চলবে।

আমীর খসরু উল্লেখ করেন, ‘তারা (জামায়াত) শপথ নেবেন কি নেবেন না, এটা তাদের ব্যক্তিগত বিষয়। তবে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানাতে সংসদে শপথ নেওয়া উচিত।’

মঙ্গলবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শুরু হয়। এমপি হিসেবে শপথ নেওয়ার পর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোটের রায় অনুযায়ী তাদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা থাকলেও বিএনপি শপথ নেয়নি।

সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটি এখনও অন্তর্ভুক্ত নয়। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। এরপরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার বিধান করা সম্ভব।

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ