Views Bangladesh Logo

‘মাননীয় বলার প্রয়োজন নেই’, ঢাবি শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করার প্রয়োজন নেই।

মঙ্গলবার (১২ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থী মোবাশ্বেরুজ্জামান হাসান তাকে প্রশ্ন করার সময় ‘মাননীয়’ সম্বোধন ব্যবহার করলে তারেক রহমান তা না বলার অনুরোধ জানান।

শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা পরিবেশে মতবিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

এর আগে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বৈশ্বিক মান বজায় রাখতে পারছে কি না, এমন প্রশ্ন এখন অনেকের আলোচনায় উঠে এসেছে। দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে, বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে আমাদের অবস্থান এখনও প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং নির্ধারণে গবেষণা প্রকাশনা, সাইটেশন ও উদ্ভাবনকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে শিক্ষাবিদদের আরও গুরুত্বসহকারে ভাবার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, শুধু পুঁথিগত শিক্ষাই নয়, গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগ না দিলে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ