Views Bangladesh Logo

ছাব্বিশে মার্চে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকট ও কৃচ্ছ্রসাধনের লক্ষ্যে এবার ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, এই দিবসে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ফুয়েল ক্রাইসিস এড়াতে এবং কৃচ্ছ্রসাধনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এবার দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না। নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সব দপ্তর, মন্ত্রণালয় ও জনগণের সহযোগিতা কামনা করছি।

তিনি জানান, ২৫ মার্চ গণহত্যা দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালন করা হবে। এতে ধর্ম মন্ত্রণালয় ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নেতৃত্ব দেবে, আর নিরাপত্তা নিশ্চিত করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

২৬ মার্চ প্রত্যুষে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য, বিরোধী দলীয় নেতা ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণের কর্মসূচি নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সমন্বয় করা হয়েছে বলেও জানান তিনি।

ঈদের আগে যাতায়াতে যাতে কোনো সমস্যা না হয়, সে জন্য অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপিকে ফোকাল পয়েন্ট করে বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের কথা জানান তিনি।

গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট সংগঠনগুলো আশ্বস্ত করেছে—বেশির ভাগ কারখানায় ঈদের আগেই বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করা হবে। ব্যাংকিং সেক্টরসহ সরকারের সহযোগিতা থাকবে। কোনো কারখানায় সমস্যা থাকলে আগেই তা সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।

মব কালচার নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মব এক জিনিস, স্পট ক্রাইম আরেক জিনিস। সবকিছুকে মব বলে গুলিয়ে ফেলা যাবে না। কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে, আমরা সেগুলো দেখছি। তবে মব কালচার বাংলাদেশ থেকে বিলুপ্ত করতে আমরা সিরিয়াস।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ