প্রিপেইড মিটারে মাসিক চার্জ থাকছে না: বিদ্যুৎমন্ত্রী
প্রিপেইড মিটারের গ্রাহকদের দীর্ঘদিনের অসন্তোষ দূর করতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, এখন থেকে প্রিপেইড মিটারে কোনো মাসিক ভাড়া (মিটার চার্জ) আর থাকবে না। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী জানান, খুব দ্রুতই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি বলেন, 'প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি। গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যে এই মিটার চার্জ পদ্ধতি পুরোপুরি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকরা প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ‘মিটার ভাড়া’ হিসেবে টাকা পরিশোধ করে আসছিলেন। গ্রাহকদের মূল অভিযোগ ছিল, মিটার কেনার একবার খরচ দেয়ার পরও বছরের পর বছর ধরে এই চার্জ নেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠন দীর্ঘদিন ধরে এই চার্জ বাতিলের দাবি জানিয়ে আসছিল। নতুন সিদ্ধান্ত কার্যকর হলে গ্রাহকদের মাসিক বিদ্যুৎ খরচ কিছুটা হলেও কমবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে