শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে গণমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে সরকার গুরুত্ব দিচ্ছে না। শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য কেবল আস্ফালন, বাস্তবে তা করার সক্ষমতা তার নেই।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের সঙ্গে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখছে। এ বিষয়ে সরকার বর্তমানে কোনো ধরনের ভূরাজনৈতিক জটিলতার মুখোমুখি নয় বলেও মন্তব্য করেন তিনি।
দেশের খাদ্য ও জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তথ্য উপদেষ্টা জানান, দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে। পাশাপাশি টমেটো ও কাঁচামরিচের বাজারদরও শিগগিরই সহনীয় পর্যায়ে চলে আসবে বলে সরকারের প্রত্যাশা।
বিদ্যুৎ বিল নিয়ে ভোক্তাদের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পেলে সংশ্লিষ্ট অভিযোগ কেন্দ্রে যোগাযোগ করে তা যাচাই ও নিষ্পত্তির আবেদন করতে পারবেন।
এদিকে এলএনজি টার্মিনালে সাম্প্রতিক দুর্ঘটনার প্রভাব তুলে ধরে তিনি বলেন, এর কারণে ঢাকার বাইরে বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে এবং কিছু এলাকায় বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।
তবে পরিস্থিতির উন্নতি হচ্ছে উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, ধাপে ধাপে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হচ্ছে। সরকারের আশা, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যমান সংকট অনেকটাই কেটে যাবে
মতামত দিন