এখন জামিন চাই না, বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে: ট্রাইব্যুনালকে দীপু মনি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজের জামিনের আবেদন প্রত্যাহারের কথা জানিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, দুই বছর ধরে কারাগারে আছি। এখন আর বাড়ি ফেরার তাড়া নেই। কারণ, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আমার স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় দীপু মনিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। এদিন তার জামিন আবেদনের শুনানির দিন ধার্য ছিল।
শুনানি শুরুর আগে কথা বলার অনুমতি নিয়ে কাঠগড়ায় থাকা মাইক্রোফোনে দীপু মনি বলেন, আমি দুই বছর ধরে কারারুদ্ধ আছি। গত এপ্রিলে আমার জামিন আবেদন করা হয়। এখন আমি জামিন চাই না। আমি জামিন আবেদন প্রত্যাহার করতে চাই। আমার বাড়ি যাওয়ার তাড়া ফুরিয়েছে।
তিনি বলেন, আগের জামিন শুনানির সময় ট্রাইব্যুনাল থেকে জানতে চাওয়া হয়েছিল, জামিন পেলে বাড়ি গিয়ে কী করব। কিন্তু এখন আর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই।
দীপু মনি জানান, তার স্বামী তৌফিক নেওয়াজ সাত বছর ধরে শয্যাশায়ী ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে তার বাকশক্তিও হারিয়েছিল। কথা বললে চোখের পলক ফেলে উত্তর দিতেন তিনি।
দীপু মনি বলেন, সরকারি দায়িত্ব পালনের সময়ও তিনি পাঁচ বছর অসুস্থ স্বামীর যত্ন নিয়েছেন।
তার ভাষ্য, পরবর্তী সময়ে স্বামীকে দীর্ঘ সময় আশ্রিত অবস্থায় থাকতে হয়েছে এবং তিনি তার যথাযথ যত্ন নিতে পারেননি। শারীরিক অবস্থার অবনতি হলে চার মাস আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দীপু মনি বলেন, স্বামীর জীবনের শেষ সময়ে তার পাশে থাকার জন্যই তিনি জামিনের আবেদন করেছিলেন। কিন্তু ৩৯ বছরের জীবনসঙ্গীর শেষ সময়ে তার কাছে থাকতে পারেননি।
তিনি বলেন, এখন আমার বাসায় যাওয়ার প্রয়োজন ফুরিয়েছে। আমি আর কার কাছে যাবো? সন্তানরা জামিন চায়। আমার বাসায় যাওয়ার আর তাড়া নেই।
এ সময় ট্রাইব্যুনাল দীপু মনির বক্তব্যে দুঃখ প্রকাশ করে বলেন, আপনার জামিন আবেদনের যৌক্তিকতা রয়েছে। তবে জামিনের বিষয়ে আদালতকে আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয়।
পরে ট্রাইব্যুনাল দীপু মনির জামিন শুনানির জন্য আগামী ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেন।
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এদিন মামলাটির শুনানি করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাতে দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা যান। এর আগে গত ২৬ এপ্রিল তার জামিনের আবেদন করেছিলেন আইনজীবীরা।
মতামত দিন