টানা ৪৮ ঘণ্টা লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ
বিদ্যুতের কোনো ঘাটতি না থাকায় গত মঙ্গলবার (২৮ এপ্রিল) ও বুধবার (২৯ এপ্রিল) টানা দুই দিন (৪৮ ঘণ্টা) দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ওই বার্তায় বলা হয়, পরপর দুই দিন (২৮ ও ২৯ এপ্রিল) লোডশেডিংমুক্ত ছিল দেশ।
এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে।
জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে যে সাময়িক জটিলতা তৈরি হয়েছিল, সে বিষয়ে গত ২৩ এপ্রিল ব্যাখ্যা দিয়েছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব উম্মে রেহানা। তিনি জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে না। যে কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না। ফলে গ্রাম ও শহরের মধ্যে লোডশেডিংয়ের ক্ষেত্রে সমন্বয় করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে