মতিঝিলের বোমা ও মেট্রো স্টেশনের সন্দেহজনক বস্তু পাওয়ার মধ্যে যোগসূত্র নেই: ডিএমপি
রাজধানীর মতিঝিল মেট্রো স্টেশনের নিচে উদ্ধার হওয়া বোমা এবং শনিবার মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া সন্দেহজনক বস্তুর মধ্যে কোনো ধরনের যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শনিবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এ তথ্য জানায়।
সিটিটিসির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক বলেন, মিরপুর-১০ মেট্রো স্টেশনে পাওয়া সন্দেহজনক ব্যাগে পান ও জর্দা ছিল, আর ফার্মগেট স্টেশনে পাওয়া বস্তায় ছিল আবর্জনা। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষা করে নিশ্চিত হয়েছে, সেখানে কোনো বিস্ফোরক ছিল না।
তিনি বলেন, এ দুটি ঘটনা বিচ্ছিন্ন এবং এখন পর্যন্ত মতিঝিলের বোমা উদ্ধারের ঘটনার সঙ্গে কোনো সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি। উভয় ঘটনার তদন্ত চলমান রয়েছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।
এর আগে গত ২৫ জুলাই মতিঝিল মেট্রো স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে লুকিয়ে রাখা দেশীয় তৈরি বিস্ফোরক (আইইডি) উদ্ধার করে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সেটি নিষ্ক্রিয় করার সময় বিকট বিস্ফোরণ ঘটে। এতে এক ব্যক্তি চোখে স্প্লিন্টারের আঘাতে আহত হন।
ওই ঘটনার পর জনমনে উদ্বেগ তৈরি হলে রাজধানীর মেট্রো স্টেশন ও গুরুত্বপূর্ণ গণপরিবহন কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ডিএমপি জানিয়েছে, মতিঝিল ও সাম্প্রতিক সন্দেহজনক বস্তু উদ্ধারের ঘটনাগুলোর তদন্ত সিটিটিসি, গোয়েন্দা শাখাসহ একাধিক ইউনিট যৌথভাবে করছে। এসব বস্তু সেখানে রেখে যাওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ নগরবাসীকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এবং কোথাও সন্দেহজনক কোনো বস্তু বা তৎপরতা দেখা গেলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করেছে।
মতামত দিন