Views Bangladesh Logo

পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদলের সঙ্গে বিএনপি করা বা না করার সম্পর্ক নাই: শামা ওবায়েদ

দিল্লি, নিউইয়র্ক, লন্ডন, জেনেভাসহ গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশনে পররাষ্ট্রসচিব পর্যায়ে রদবদল নিয়ে মুখ খুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবর্তন-রদবদল হবে, নতুন লোক আসবে—এটি একটি চলমান প্রক্রিয়া, কোনো নতুন কিছু নয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

রদবদলের সঙ্গে বিএনপি করা বা না করার কোনো সম্পর্ক আছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী তা নাকচ করে দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর কাজকর্ম ও সিদ্ধান্ত অনুসরণ করলে দেখা যাবে, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ প্রতিটি মন্ত্রণালয়ে তিনি সবার আগে গুরুত্ব দেন কাজ ও দক্ষতাকে—কে কতটা কাজে পারদর্শী এবং কে কতটা আন্তরিকভাবে দেশের জন্য কাজ করতে পারছেন। দেশের প্রতি যার আন্তরিকতা রয়েছে, সেটাই বিবেচ্য বিষয়, শুধু পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষেত্রেই নয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক রদবদল নিয়ে করা প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে পরিবর্তন-রদবদল হবে, নতুন লোক আসবে, এটি চলমান প্রক্রিয়া, নতুন কিছু নয়। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে যখন আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হবে, তখনই কেন, কোথায়, কীভাবে এবং কী কারণে রদবদল হচ্ছে তা জানা যাবে।

তিনি আরও বলেন, যেকোনো মন্ত্রণালয়ে দেশপ্রেম, আন্তরিকতা, কাজের প্রতি উৎসর্গ, দক্ষতা এবং সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা—এসবের ভিত্তিতেই রদবদল করা হয়। তার ভাষায়, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট বিবেচ্য হলো ব্যক্তির যোগ্যতা।

প্রতিমন্ত্রী জানান, এই প্রক্রিয়া এখনো চলমান এবং চূড়ান্ত হওয়ার পর সরকারের পক্ষ থেকে গেজেট প্রকাশ করা হলেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ