মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের ছাড় নয়: আইজিপি
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১২ মে) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক দেশের তরুণ সমাজ ও ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদি মাদক সংশ্লিষ্টতার অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
অনুষ্ঠানে আইজিপি অতীতের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বিভিন্ন সময় পুলিশের উন্নয়নে রাষ্ট্রীয় নেতৃত্ব ভূমিকা রেখেছে।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণ করা উচিত এবং বর্তমান বাহিনীও সেই ঐতিহ্য ধরে রাখতে কাজ করছে।
আইজিপি আরও জানান, দীর্ঘ সময় পুলিশকে বিভিন্নভাবে ব্যবহারের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তবে এখন সেই পরিস্থিতি থেকে বের হয়ে এসে বাহিনী আবারও জনআস্থা অর্জনের চেষ্টা করছে।
তিনি বলেন, পুলিশ একটি ঐতিহ্যবাহী বাহিনী, যারা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পুরস্কারপ্রাপ্ত সদস্যদের উদ্দেশে তিনি বলেন, এই অর্জন শুধু সম্মান নয়, বরং দায়িত্ববোধ ও পেশাদারিত্বের প্রতিফলন। ভবিষ্যতে আরও নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে