Views Bangladesh Logo

নারীদের লেগিংস, পুরুষদের জিনস পরতে না করল বাংলাদেশ ব্যাংক

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ ব্যাংক তার সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্দিষ্ট পোশাকবিধি চালু করেছে। ২১ জুলাই থেকে কার্যকর হওয়া এক নির্দেশনায় বলা হয়েছে, নারী কর্মীদের শাড়ি, সালোয়ার–কামিজ ও ওড়না অথবা অন্যান্য পেশাদার ও শালীন পোশাক পরিধান করতে হবে। ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক (শর্ট স্লিভ ও শর্ট লেংথ ড্রেস) এবং লেগিংস পরিধান পরিহার করতে হবে। হিজাব বাধ্যতামূলক নয় তবে পরিধানের ক্ষেত্রে সাদামাটা রঙের পরতে হবে।

পুরুষ কর্মীদের জন্য নির্দেশনা অনুযায়ী, লম্বা বা হাফ হাতার ফরমাল শার্ট ও ফরমাল প্যান্ট এবং ফরমাল জুতা বা স্যান্ডেল পরতে হবে। জিনস ও গ্যাবার্ডিন প্যান্ট পরিহার করতে বলা হয়েছে। এসব নিয়ম না মানলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমে বলেন, অফিসে পোশাকের ক্ষেত্রে সাম্য ও ঐক্য বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর মতে, শালীন পোশাক যেকোনো প্রতিষ্ঠানের জন্যই অপরিহার্য। যদিও তিনি স্বীকার করেন, আগে কেউ অশালীন পোশাক পরতেন না, তবে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত তরুণদের মধ্যে এখনও ছাত্রজীবনের অভ্যাস রয়ে গেছে এই পর্যবেক্ষণের ভিত্তিতেই নির্দেশনাটি দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘এই নির্দেশনা শুধুমাত্র অফিসের পরিবেশের জন্য প্রযোজ্য। ব্যক্তিগত জীবনে কে কী পরবেন, সেটি ব্যাংকের বিবেচ্য নয়।’

মানবসম্পদ বিভাগ–২ এর অধীনে একটি মাসিক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি বিভাগ, প্রকল্প বা ইউনিটে একজন করে কর্মকর্তা এসব বিধি তদারকি করবেন। নির্দেশনা অমান্যকারীর বিরুদ্ধে বিভাগীয় প্রধানের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ জানানো হবে।

উক্ত নির্দেশনায় আরও বলা হয়েছে -

১.নারী কর্মীদের প্রতি আচরণে ২০০৩ সালের বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনের ৩৯ ধারা মানতে হবে।

২.যৌন হয়রানির অভিযোগ ৩০ কার্যদিবসের মধ্যে নির্ধারিত কমিটিতে পাঠাতে হবে।

৩.সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে অফিস নির্দেশনা অনুসরণ করতে হবে।

৪.শিষ্টাচার, সময়ানুবর্তিতা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতামূলক মনোভাব বজায় রাখতে হবে।


বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানে কেউ অশালীন পোশাক পরে যান, এমন অভিযোগ নেই। তাহলে এই নির্দেশনার প্রয়োজন কী?’

তিনি আরও বলেন, ‘এটি যেন একটি সাংস্কৃতিক বলয় তৈরির অংশ, যেখানে পোশাককে নিয়ন্ত্রণের মাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ব্যাংকের এত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে পোশাক নিয়ে নির্দেশনা নির্ধারণের বিষয়টিকে তিনি অগ্রাধিকারপ্রাপ্ত বিষয় হিসেবে দেখছেন না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ