Views Bangladesh Logo

নিরীহ ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না: আইজিপি

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, কোনো নিরীহ ব্যক্তিকে মামলা দিয়ে হয়রানি করা যাবে না। তিনি বলেন, ‘৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যেন সঠিকভাবে তদন্ত করা হয়, সে জন্য সব স্তরের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে। কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি করা যাবে না।’

সোমবার (২৮ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘৫ আগস্টের পর থেকে একটি গোষ্ঠী মূল আসামিদের পাশাপাশি নির্দোষ বহু ব্যক্তির নাম মামলায় অন্তর্ভুক্ত করে হয়রানির চেষ্টা করছে। বিষয়টি আমাদের নজরে রয়েছে।’

তিনি বলেন, ‘তদন্তে যার বিরুদ্ধে দায় প্রমাণিত হবে, কেবল তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে এবং তাকে গ্রেপ্তারের জন্য ব্যবস্থা নেয়া হবে।’

ভুয়া মামলা ঠেকাতে আইনি সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মামলাগুলো নিয়ে বলা হচ্ছে— কিছু মিথ্যা, কিছু সত্য- তা ঠিক। কিন্তু আসামির সংখ্যা বাড়া আমরা আইনি কারণে থামাতে পারি না। আমাদের আইনে এই সীমাবদ্ধতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেউ অভিযোগ করলে তা পুলিশকে মামলা হিসেবে গ্রহণ করতে হয়। মামলা সত্য-মিথ্যা যাচাই করে নেয়ার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘যে অভিযোগ দেয়া হয়, তা আমি মামলা হিসেবে নিতে বাধ্য। এরপর তদন্ত করে দেখি কতটুকু সত্য, কতটুকু মিথ্যা। তদন্তে কেবল সত্য অংশটুকু বের করে আদালতে পাঠাই।’

তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর দেখা গেছে, অনেকে অসৎ উদ্দেশ্যে টাকা আদায়, হয়রানি বা ভয় দেখানোর জন্য অপরাধ করেছে। হয়তো পাঁচ বা দশজন অপরাধ করেছে, কিন্তু মামলায় তিন শতাধিক ব্যক্তির নাম দেয়া হয়েছে। এমন ঘটনা গতকালও ঘটেছে।’

সাংবাদিকরা জানতে চাইলে আইজিপি বলেন, ‘জুলাই মাসের আন্দোলনের সময় কতজন পুলিশ কর্মকর্তা গুলি করার নির্দেশ দিয়েছিলেন, তা পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না।’

ভুয়া মামলা দায়েরকারীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, ‘তদন্ত শেষ হওয়ার পর মিথ্যা মামলার বাদীর বিরুদ্ধে মামলার ব্যবস্থা নেয়া হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ