Views Bangladesh Logo

শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য নেই: প্রধান প্রসিকিউটর

 VB  Desk

ভিবি ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন দলের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম।

তিনি বলেন, `এ বিষয়ে তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তরের কাছে থাকতে পারে।'

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তাজুল ইসলাম।

এদিন দেশের বিভিন্ন গণমাধ্যমে তাজুল ইসলামের বরাতে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির খবর প্রকাশিত হয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রেড নোটিশ জারির বিষয়ে প্রসিকিউশন দলের কাছে কোনো তথ্য নেই। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ সদর দপ্তরের বিষয়। ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল পুলিশের সংশ্লিষ্ট শাখা এনসিবির মাধ্যমে ইন্টারপোলের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে।’

তাজুল ইসলাম আরও বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত তিন মাসের মধ্যে শেষ করার লক্ষ্য রয়েছে।’

তিনি জানান, অনেকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তবে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত অগ্রাধিকার ভিত্তিতে করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিচার শুরু হবে।

এদিকে, রোববার দুপুর ১টা ৩৫ মিনিট পর্যন্ত ইন্টারপোলের ওয়েবসাইটে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির কোনো তথ্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ