তেলের দাম বাড়ানোয় আইএমএফের চাপ নেই: পরিবহনমন্ত্রী
সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো চাপ নেই। সরকার দীর্ঘদিন ভর্তুকি দিয়ে আসছিল, তবে শেষ পর্যন্ত উপায় না পেয়ে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার জনগণের স্বার্থ বিবেচনায় কাজ করে এবং জ্বালানি তেলের দাম সমন্বয়ের সিদ্ধান্তও সেই বিবেচনা থেকেই নেওয়া হয়েছে। পাশাপাশি পাচার রোধ ও ভর্তুকির চাপ কমাতেও এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে বাস ভাড়াও সমন্বয় করা হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে কোনো আলোচনা ছাড়াই ভাড়াও কমিয়ে দেওয়া হবে এবং এ জন্য বিআরটিএ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।
তবে গ্যাসচালিত যানবাহনের ভাড়া বাড়ানো হয়নি বলে স্পষ্ট করেন মন্ত্রী। তিনি বলেন, কোথাও যদি গ্যাসচালিত বাসের ভাড়া বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা নিয়ন্ত্রণের পরিকল্পনার কথাও জানান তিনি। পর্যায়ক্রমে প্রধান সড়কগুলোতে অটোরিকশা চলাচল সীমিত করা হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা চলছে।
উল্লেখ্য, বৈশ্বিক বাজারে অস্থিরতার প্রেক্ষাপটে গত ১৯ এপ্রিল থেকে দেশে জ্বালানি তেলের নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এর প্রভাব হিসেবে ২৩ এপ্রিল থেকে বাস ও মিনিবাস ভাড়াও প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে