Views Bangladesh Logo

কুমিল্লা বোর্ডের ৮ কলেজে নেই কোনো এইচএসসি পরীক্ষার্থী

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন আটটি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় একজন শিক্ষার্থীও অংশ নিতে পারছেন না। এর মধ্যে চারটি কলেজে কোনো শিক্ষার্থী রেজিস্ট্রেশনই করেনি, আর বাকি চারটি কলেজে রেজিস্ট্রেশন করা ৩৫ শিক্ষার্থী চূড়ান্ত পরীক্ষার জন্য উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীশূন্য কলেজগুলোর মধ্যে রয়েছে ফেনীর নোবেল কলেজ, কুমিল্লার বেগম জহুরা মহিলা কলেজ, ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ও সিসিএন মডেল কলেজ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সাতগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ, কৃষ্ণনগর আব্দুল জব্বার স্কুল অ্যান্ড কলেজ, তিতাস মডেল কলেজ এবং উলুকান্দি কলেজ থেকেও এবার কোনো পরীক্ষার্থী অংশ নিচ্ছেন না।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৪৬৪টি প্রতিষ্ঠানের ৯৪ হাজার ৮০২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্রী ৫৭ হাজার ১৯৬ জন এবং ছাত্র ৩৭ হাজার ৬০৬ জন। অর্থাৎ ছেলে শিক্ষার্থীর তুলনায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৫৯০ জন বেশি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক) মো. সালাহউদ্দিন বলেন, বোর্ডের অধীনে আটটি কলেজে কোনো পরীক্ষার্থী না থাকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কেন এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিতে পারেনি, তা খতিয়ে দেখা হবে।

তিনি জানান, গত বছর শূন্য থেকে ৫ শতাংশ পাসের হার থাকা ১৩টি কলেজের স্বীকৃতিও বাতিল করা হয়েছে।

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ষাইটশালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ শিবু চন্দ্র সরকার জানান, ২০১২ সালে কলেজ শাখা চালুর পর এবারই প্রথম কোনো শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে না। শিক্ষার্থী সংকট, আর্থিক দুরবস্থা এবং শিক্ষক স্বল্পতাকে তিনি এর প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর জামাল নাসের বলেন, অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা ছাড়াই স্কুলকে কলেজে উন্নীত করা হয়েছে। ফলে শিক্ষার মান, শিক্ষার্থী সংখ্যা এবং আর্থিক স্থিতিশীলতা—সব ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে।

এদিকে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, পরীক্ষার্থীশূন্য কলেজগুলোর অবস্থা পর্যালোচনা করা হবে। প্রয়োজন হলে মানোন্নয়ন কিংবা প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ