Views Bangladesh Logo

সিআরবিতে কোনো হাসপাতাল বা স্থাপনা হতে দেব না: মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, নগরের সিআরবিতে নতুন কোনো হাসপাতাল বা স্থাপনা হবে না। রোববার সকালে নগরের জামালখানে জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এদিকে সিআরবিতে হাসপাতাল নির্মাণের উদ্যোগের প্রতিবাদে আজ সকালে সিআরবির সাত রাস্তার মোড়ে সমাবেশ করেছে সিআরবি রক্ষা মঞ্চ।

জলাবদ্ধতা নিরসনকাজের উদ্বোধনে মেয়র বলেন, গতকাল রেলমন্ত্রী শেখ রবিউল আলমের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছিলাম, গাছ কেটে সিআরবিতে কোনো হাসপাতাল বা স্থাপনা আমরা হতে দেব না — চট্টগ্রামবাসীও তা মানবে না। তিনিও একমত।

তিনি বলেছেন, বিদ্যমান হাসপাতালটির অবকাঠামো দেখবেন। প্রয়োজনে পুরোনো ভবন ভেঙে সেখানে ভালো একটি হাসপাতাল করা যায় কি না— এটা আমাদের সময়ের দাবিও বটে, কারণ এই হাসপাতালে এখন রোগী আসে না।

তিনি আরও বলেন, এখানে আমরা ডেন্টাল কলেজের পাশাপাশি একটি পূর্ণাঙ্গ মেডিকেল হাসপাতাল ও কলেজের প্রস্তাবও করেছি। পুরোনো ভবনে হয়তো সেটা আশা করা যায়, তবে নতুন কোনো স্থাপনা সেখানে হবে না।

সিআরবিতে সমাবেশ
সিআরবি রক্ষা মঞ্চ আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের সিআরবি এ শহরের ফুসফুস এবং প্রাণ-প্রকৃতির আধার। এখানে বিপুল পরিমাণ ঔষধি গাছ রয়েছে। তাই হাসপাতালসহ কোনো বাণিজ্যিক স্থাপনা এখানে করা যাবে না বলে ঘোষণা দেন তাঁরা।

সমাবেশে চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ইমরান বিন ইউনুস বলেন, শহরের সুন্দর জায়গাগুলো একে একে নষ্ট করে দেওয়া হচ্ছে, এখন নজর পড়েছে সিআরবিতে।

তিনি প্রশ্ন রাখেন, একটি নির্বাচিত সরকার কীভাবে এ ধরনের উদ্যোগ নিতে পারে। সিআরবি চট্টগ্রামের শ্বাস নেওয়ার ও ঐতিহ্যের জায়গা— এখানে হাসপাতাল হবে না, এটাই চূড়ান্ত।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস বলেন, চট্টগ্রামবাসী এক বছরের বেশি সময় আন্দোলন করে এখানে হাসপাতাল নির্মাণের প্রকল্প আগে একবার রুখে দিয়েছিলেন। এবারও প্রতিহত করা হবে।

রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু বলেন, অনেক দিন ধরে এখানে হাসপাতাল করার পাঁয়তারা চলছে। আন্দোলনের মুখে আগের সরকারের সময় সেটা সম্ভব হয়নি। এবারের উদ্যোগ কারা নিয়েছে তা খুঁজে বের করতে হবে। রেলমন্ত্রীকে জানিয়ে দিয়েছি, এখানে হাসপাতালের নামে কিছুই করা যাবে না।

সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক চিকিৎসক মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারী নেত্রী আসমা আক্তার, দীপা মজুমদার, পরিবেশকর্মী মনিরা পারভীন, রাজনীতিবিদ চিরঞ্জন চিরু, জাহেদুল আলম, ছাত্রনেতা শওকত ওসমান ও প্রকাশক সাহাব উদ্দিন হাসান।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ