বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়া হয়নি: ডিএমপি
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও এর আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করেনি বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ রয়েছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শুক্রবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
ডিএমপি জানায়, ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন, যা পুলিশের নজরে এসেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশ সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে দায়িত্ব পালন করেছে এবং এ সময় কোনো ধরনের আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন, পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হয়েছেন।
এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে