সরকারি চাকরিতে জুলাই যোদ্ধাদের কোটা থাকছে না: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-এ-আজম জানিয়েছেন, ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃত ব্যক্তিদের জন্য সরকারি চাকরিতে কোনো কোটার ব্যবস্থা করা হচ্ছে না।
সোমবার (২১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি জানান, ৫ আগস্ট রক্তক্ষয়ী ছাত্র আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তা ‘জুলাই অভ্যুত্থান’ হিসেবে সরকারিভাবে স্বীকৃতি পেয়েছে। এই আন্দোলনের লক্ষ্য ছিল স্বৈরশাসন ও বৈষম্যের অবসান ঘটানো।
১২ ডিসেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে নিহত ও আহতদের পরিবারের কল্যাণে প্রশাসনিক দায়িত্ব দেয়া হয়।
এই বিষয়ে তালিকা চূড়ান্ত করা, চিকিৎসা সহায়তা দেয়া ও পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সরকার ২৮ এপ্রিল ‘জুলাই অভ্যুত্থান অধিদপ্তর’ গঠন করে।
উপদেষ্টা আরও জানান, সরকার ‘জুলাই অভ্যুত্থান শহীদ পরিবারের ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫’-এর মাধ্যমে যারা নিহত হয়েছেন তাদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ জানুয়ারি ৮৩৪ জন এবং ৩০ জুন আরও ১০ জনসহ মোট ৮৪৪ জন শহীদের নাম সরকারি গেজেটে প্রকাশ করা হয়েছে।
আহতদের অবস্থা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত গেজেটে ক্যাটাগরি ‘এ’তে ৪৯৩ জন, ‘বি’তে ৯০৮ জন এবং ‘সি’তে ১ হাজার ৬৪২ জনকে রাখা হয়েছে।
সর্বশেষ সংশোধিত তালিকা অনুযায়ী, মোট ১ হাজার ৭৬৯ জন জুলাই যোদ্ধা রয়েছেন—এর মধ্যে ১১৪ জন ক্যাটাগরি ‘এ’, ২১৩ জন ‘বি’ এবং ১,৪৪২ জন ‘সি’-তে। এ তালিকা যাচাই-বাছাই শেষে শিগগিরই গেজেট আকারে প্রকাশ করা হবে।
উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকার তাদের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করলেও সরকারি চাকরিতে তাদের জন্য কোনো কোটা বরাদ্দ দেয়া হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে