স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচিতে কোনো ঘাটতি রাখা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
দেশের স্বাস্থ্যসেবা ও টিকাদান কর্মসূচিতে কোনো ঘাটতি রাখা হবে না বলে সাধারণ জনগণকে আশ্বস্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, বর্তমানে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং টিকাদান কার্যক্রমকে বেগবান করাই সরকারের প্রধান লক্ষ্য।
মঙ্গলবার (১৩ মে) সরকারি ভ্যাকসিনের বর্তমান অবস্থা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, হামের পরবর্তী জটিলতা হিসেবে অনেক শিশুর নিউমোনিয়া দেখা দিচ্ছে, যার জন্য ভেন্টিলেশন অপরিহার্য হয়ে পড়ে। সরকার ইতোমধ্যে পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা নিশ্চিত করেছে। এছাড়া, একজন বেসরকারি উদ্যোক্তার মাধ্যমে আমেরিকা থেকে আরও ১০টি নতুন ভেন্টিলেটর অনুদান হিসেবে পাওয়া গেছে, যা আজই বিভিন্ন হাসপাতালে বণ্টন করা হবে। বর্তমানে হামের চিকিৎসা, আইসোলেশন ও আইসিইউ সেবা সচল রয়েছে এবং চিকিৎসকরা নিরলস কাজ করে যাচ্ছেন।
ভ্যাকসিন পরিস্থিতি নিয়ে মো. সাখাওয়াত হোসেন বলেন, আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন রয়েছে। আজ চীনা কোম্পানি সিনোভ্যাক থেকে ৩ লাখ ৮৩ হাজার ৮০ ডোজ (৭৬,৬১৬ ভায়াল) ভ্যাকসিন সরকারিভাবে গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পোলিও এবং অ্যান্টির্যাবিস (জলাতঙ্ক) টিকা দেওয়ার কার্যক্রমও পুরোদমে শুরু হচ্ছে।
একটি শিশুও যেন টিকার আওতার বাইরে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
টিকা নিয়ে অতীতে কোনো অব্যবস্থাপনা হয়েছে কি না বা তদন্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘কে দোষ করেছে সেটা খোঁজার আগে আমাদের মায়েদের বুক ভরা রাখতে হবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে