Views Bangladesh Logo

তেলের সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই: জ্বালানি বিভাগ

দেশে জ্বালানি তেলের সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

শনিবার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এতে বলা হয়, দেশে বর্তমানে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল কেনা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পেট্রল, অকটেন ও ডিজেল অত্যন্ত দাহ্য পদার্থ হওয়ায় এগুলো মজুত করা ঝুঁকিপূর্ণ। ফলে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ না করতে জনগণকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে অন্যদেরও এ বিষয়ে সচেতন করার আহ্বান জানানো হয়।

জ্বালানি বিভাগ আরও জানায়, অবৈধ মজুতের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

সরকার এখনো জ্বালানি তেলের দাম বাড়ায়নি উল্লেখ করে বলা হয়, আন্তর্জাতিক বাজার থেকে প্রয়োজনীয় জ্বালানি তেল আমদানি করে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করা হচ্ছে। তাই সরবরাহ সংকটের কোনো আশঙ্কা নেই।

এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণে দেশের সব পেট্রল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই দায়িত্ব পালন করবে। অন্য এলাকায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের মাধ্যমে কর্মকর্তাদের এ দায়িত্ব দেওয়া হবে।

নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসাররা নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন এবং প্রতিদিনের পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন জমা দেবেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ