পাম্পের ব্যানারে লেখা ‘তেল নেই’, অভিযান চালিয়ে উদ্ধার ৯ হাজার লিটার জ্বালানি
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় একটি বন্ধ পেট্রোল পাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের তথ্য পেয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে পার্বতীপুর ইউনিয়নের বড়দাদপুর এলাকায় মেসার্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৯ হাজার ৭৮৩ লিটার জ্বালানি তেল পাওয়া যায়। এর মধ্যে ছিল পেট্রোল, ডিজেল ও অকটেন। পাম্পটিতে ‘তেল নেই’ লেখা ব্যানার ঝুলিয়ে বিক্রি বন্ধ রাখা হলেও ভেতরে বড় পরিমাণ তেল মজুত ছিল বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই মজুতের তথ্য পাওয়া যায়। পরে যাচাই করে দেখা যায়—তেল থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে বিক্রি বন্ধ রাখা হয়েছিল।
এ ঘটনায় পাম্প কর্তৃপক্ষকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী।
প্রশাসনের ধারণা, এমন কার্যক্রমের পেছনে বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা থাকতে পারে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে