জ্বালানির সংকট নেই, পাচার ও অপচয় রোধেই মূল্যবৃদ্ধি: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে জ্বালানি তেল বা গ্যাসের কোনো সংকট নেই বলে সোমবার (২০ এপ্রিল) সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পাচার ও অপচয় রোধে সরকার দাম কিছুটা বাড়িয়েছে।
বিরোধীদলীয় নেতার উত্থাপিত একটি মুলতবি প্রস্তাবের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাধারণত সরকারি দলের বা সরকারের কর্মকাণ্ডে বিঘ্ন ঘটানোর জন্য বিরোধী দল মুলতবি প্রস্তাব নিয়ে আসে। তবে এই অধিবেশনে ইতোমধ্যেই দুটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, যা একটি অনন্য নজির স্থাপন করেছে। এখন আরেকটি প্রস্তাব গ্রহণ করা হলে তা ভবিষ্যতে সংসদীয় কার্যক্রমের জন্য একটি নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করবে।
মূল্যবৃদ্ধির যৌক্তিকতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় জনস্বার্থে দাম একটি সহনীয় পর্যায়ে রাখা হয়েছিল। কিন্তু এক পর্যায়ে জাতীয় অর্থনীতি আর এই চাপ নিতে পারছিল না, যার ফলে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, দাম কম থাকলে অপচয় বাড়ে অথবা পাচার হওয়ার সম্ভাবনা থাকে। মূলত পাচার রোধ এবং শৃঙ্খলা বজায় রাখতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
বিরোধীদলীয় নেতার অভিযোগ প্রত্যাখ্যান করে সালাহউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইতোমধ্যেই ৩০৩ বিধিতে দেওয়া এক বিবৃতিতে পরিসংখ্যান তুলে ধরেছেন যে দেশে তেল বা গ্যাসের কোনো ঘাটতি নেই। বিষয়টি এখন জাতির কাছে পরিষ্কার। তাই এ নিয়ে আলোচনার জন্য সংসদ মুলতবি করার প্রয়োজন নেই।
তিনি পরামর্শ দেন যে, সংসদ মুলতবি না করে ৬৮ বিধিতে জনগুরুত্বপূর্ণ জরুরি বিষয়ে স্বল্পকালীন আলোচনা করা যেতে পারে। গঠনমূলক আলোচনার জন্য তিনি বিরোধীদলীয় নেতাকে এই বিধির আওতায় নোটিশ দেওয়ার অনুরোধ জানান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে