Views Bangladesh Logo

দেশে জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সোমবার (৩০ মার্চ) সংসদে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মীর আহমেদ বিন কাশেমের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বজায় রাখতে সরকার সমন্বিত পদক্ষেপ নিচ্ছে। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের অগ্রাধিকার।

তিনি বলেন, সরকার মধ্যপ্রাচ্যের বাইরে থেকেও জ্বালানি আমদানির উৎস বহুমুখীকরণে কাজ করছে এবং বিকল্প সরবরাহ চ্যানেল খুঁজছে, যাতে দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকে।

শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে, যেখানে বিভিন্ন উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, বিদেশে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত প্রবাসীদের ক্ষেত্রে।

এ প্রসঙ্গে তিনি বলেন, সরকারের সহায়তায় চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ইরানের তেহরান থেকে ১৮৬ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ