Views Bangladesh Logo

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি বলেছেন, ভারত সফরের পাশাপাশি প্রধানমন্ত্রীর অন্যান্য বিদেশ সফরের সময়সূচিও এখনো নির্ধারণ করা হয়নি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফরের সম্ভাব্য সময় জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, দুই দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে সফরের সময় নির্ধারণ করা হবে। বর্তমানে প্রধানমন্ত্রী বিভিন্ন রাষ্ট্রীয় কাজে ব্যস্ত রয়েছেন।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সরকারপ্রধানের মধ্যে সরাসরি আলোচনা হলে অনেক জটিল বিষয় সমাধানের পথ তৈরি হয়। তাই এ ধরনের সুযোগকে ভারতও ইতিবাচকভাবে কাজে লাগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শামা ওবায়েদ বলেন, জুলাইয়ের আন্দোলনের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। তবে দুই দেশের প্রধানমন্ত্রী মুখোমুখি বসে আলোচনা করলে বিভিন্ন বিষয়ে অগ্রগতি সম্ভব। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নত করার একটি সুযোগ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জাপান সফরের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর টোকিও সফরের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। দুই দেশের জন্য সুবিধাজনক সময় বিবেচনা করেই সফরের তারিখ চূড়ান্ত করা হবে।

এদিকে সিঙ্গাপুরে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির বিষয়ে শামা ওবায়েদ বলেন, সরকারি পর্যায়ে দেশটির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ বাড়াতে আলোচনা সফল হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি দেশটিতে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের একটি প্রকল্পও পরিদর্শন করেছেন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ