মন্ত্রিসভায় রদবদল নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা
মন্ত্রিসভায় রদবদল নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এমন সিদ্ধান্ত সরকারের ১৮০ দিন পূর্তির পরই হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা তৈরি করেছেন। একটি উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। যেটুকু ওনার (প্রধানমন্ত্রী) সঙ্গে কথা প্রসঙ্গে আমি বুঝি, ওনার (প্রধানমন্ত্রী) যদি কখনো মনে হয়, কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন অথবা নতুন কাউকে দেওয়া, সেটা তিনি করবেন।’
উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনগণের কল্যাণ। প্রধানমন্ত্রী হিসেবে তার কোনো চয়েস বা সিদ্ধান্তকে আরও বেটার করার সুযোগ যদি থাকে, তিনি সেটা করবেন। তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এটা মনে হয়েছে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে সরকার গঠনের পর গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পথচলা শুরু করে নতুন মন্ত্রিসভা। বর্তমানে প্রধানমন্ত্রী ছাড়াও এই মন্ত্রিসভায় ২৪ জন পূর্ণমন্ত্রী ও ২৩ জন প্রতিমন্ত্রী রয়েছেন। পাশাপাশি, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দায়িত্বে আছেন ১০ জন উপদেষ্টা। প্রচলিত 'রুলস অব বিজনেস' বা কার্যবিধি অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর কিংবা মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের একক এখতিয়ার প্রধানমন্ত্রীর ওপরই ন্যস্ত।
এ ছাড়াও সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য উপদেষ্টা। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদও।
মতামত দিন