দেশে সারের সংকট নেই, ৪ মাসের অতিরিক্ত মজুত রয়েছে: কৃষিমন্ত্রী
দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, চাহিদার তুলনায় আগামী চার মাসের প্রয়োজন মেটানোর মতো অতিরিক্ত সার সরকারি মজুত রয়েছে। একই সঙ্গে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে অসাধু ব্যবসায়ী ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) দুপুরে ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় পেঁয়াজ ও পাট চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত থাকলেও একটি অসাধু চক্র বাজারে কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে। ব্যবসায়ী ও দুষ্কৃতকারীদের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কৃষকদের যাতে সারের জন্য কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে বলেও জানান তিনি।
ফরিদপুরের পেঁয়াজ উৎপাদনের গুরুত্ব তুলে ধরে আমিন উর রশিদ বলেন, দেশের মোট পেঁয়াজের চাহিদার প্রায় ২৫ শতাংশ পূরণ করে ফরিদপুরের উৎপাদন। পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের সহায়তার জন্য ইতোমধ্যে ‘এয়ার ফ্লো মেশিন’ দেওয়া হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ সময় পেঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে। আগামী মৌসুমের আগে আরও কৃষকের কাছে এ ধরনের যন্ত্র পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
পাট উৎপাদনেও ফরিদপুরের বিশেষ ভূমিকা রয়েছে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, কৃষকরা যাতে উৎপাদিত পাটের ন্যায্য দাম পান, সে জন্য সরকার কাজ করছে। পাশাপাশি দীর্ঘদিন বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর বিষয়েও সরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মো. ইলিয়াস মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলামসহ প্রশাসন, রাজনৈতিক দল ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় স্থানীয় পেঁয়াজ ও পাট চাষিরা অংশ নেন।
মতামত দিন