নির্বাচনে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এসএম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গণনা হয়ে ফলাফল প্রকাশ করা হবে। শুধু গতকাল নয়, গত ছয় মাস ধরেই গুজব শুনছি যে ভোট হবে না—এটা-সেটা। কিন্তু আপনারা দেখছেন সুষ্ঠুভাবে ভোট হচ্ছে।
তিনি আরও বলেন, মেজর যে প্রতিদ্বন্দ্বী দল, টিভির স্ক্রলে দেখলাম তারা উভয়েই বলছে ফলাফল যাই হোক মেনে নেবেন। তাই আর কোনো সমস্যা হবে না।
নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে সাজ্জাত আলী বলেন, কোনো শঙ্কা নেই। যেহেতু স্বচ্ছ ও নিরপেক্ষ ভোট হচ্ছে, তাই ফলাফল মেনে নেওয়াই স্বাভাবিক।
এ সময় ২০১৮ সালের নির্বাচনের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, ২০১৮ সালে এই কেন্দ্রেই ভোট দিতে এসেছিলাম। তখন ভোটকেন্দ্রের গেট পার হয়ে ভেতরে গেলে আমাকে বলা হয়েছিল—আপনার ভোট হয়ে গেছে। আমি (ভোট না দিয়ে) চলে গিয়েছিলাম।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে