৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি, দাবি আইনমন্ত্রীর
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নি বলে দাবি করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান।
রোববার দুপুরে সাতক্ষীরায় আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি দাবি করেন।
আইনমন্ত্রী বলেন, আগে গায়েবি মামলাগুলোর বাদী সাধারণত পুলিশ হতো। তবে গত দুই বছরে একটি রাজনৈতিক গায়েবি মামলা হয়েছে—এমন কোনো প্রমাণ নেই। পুলিশ বাদী হয়ে নতুন করে কোনো মামলা করেনি।
তিনি বলেন, ‘অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদক, অস্ত্র ও সোনা চোরাকারবার বন্ধে প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আসাদুজ্জামান বলেন, ‘এ বিষয়ে কোনো দ্বিমত বা শর্ত নেই। জুলাই সনদ অনুযায়ী সার্বিক বাস্তবায়ন সম্পন্ন করা হবে।’
এর আগে আইনমন্ত্রী সাতক্ষীরার বিচারকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। বিচার বিভাগকে আরও গতিশীল করতে বিচারকদের শূন্য পদে দ্রুত নিয়োগ এবং মামলার জট কমানোর আশ্বাস দেন তিনি।
আইনশৃঙ্খলা, মাদক ও দুর্নীতি তদারকি সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার জেলা প্রশাসক কায়সার আজিজ।
মতামত দিন