স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
সারাদেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। এসব স্থাপনা সংস্কারের পর সেখানে আর কোনো ধরনের মেলা বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বুধবার (৬ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জেলার স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অকার্যকর বা আংশিক ব্যবহৃত অবস্থায় রয়েছে। এসব স্থাপনা সংস্কার করে পুনরায় সচল করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়ন এবং যুব সমাজকে দক্ষ করে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ নানা খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে।
চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশে ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম চালু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।
স্টেডিয়ামে মেলা আয়োজন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা পর্যায়ের স্টেডিয়াম ব্যবহারের জন্য কোনো মেলার অনুমোদন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে