নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন ও বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা শেষে এ তথ্য জানান কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) তোজাম্মেল হক।
পরিদর্শনকালে পল্লী বিদ্যুতের একটি কারিগরি দল বাড়িটির বৈদ্যুতিক মিটার, প্রধান সংযোগ লাইন ও অভ্যন্তরীণ তারের সংযোগ পরীক্ষা করে।
তোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, তাঁরা ঘটনাস্থলের বৈদ্যুতিক সংযোগ ও সার্কিটগুলো নিবিড়ভাবে পরীক্ষা করেছেন। প্রাথমিক পর্যবেক্ষণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পাওয়া যায়নি। বৈদ্যুতিক লাইন ও মিটারের অবস্থা দেখে এটিকে বৈদ্যুতিক দুর্ঘটনা বলে মনে হচ্ছে না।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশ তদন্ত করছে। তাদের তদন্ত ও কারিগরি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেলে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
গত বুধবার দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে আগুন লাগে। রাত ১২টা ১৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুনে বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে যায়। এ ঘটনায় দুটি ছাগল মারা যায় এবং বাড়িতে থাকা মালামাল ও জুতা তৈরির যন্ত্রপাতি পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের পর নুসরাত তাবাসসুম এটিকে পরিকল্পিত হামলা বলে অভিযোগ করেন। তাঁর দাবি, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা বাড়ি লক্ষ্য করে পরপর চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। এনসিপির নেতারাও এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেন। তবে এসব অভিযোগের সত্যতা এখনো তদন্তে প্রমাণিত হয়নি।
বিষয়টি বৃহস্পতিবার জাতীয় সংসদেও আলোচনায় আসে। বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে পুলিশ, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল প্রশাসনের সমন্বয়ে যৌথ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রাথমিক পর্যবেক্ষণে পেট্রলবোমা ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। তবে বাড়িটির পুরোনো বৈদ্যুতিক সংযোগ থেকে শর্টসার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছিল।
মতামত দিন