বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ মেলেনি, প্রতিবেদন যাবে আইসিসিতে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে কাউকে অভিযুক্ত করা হয়নি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, এ প্রতিবেদন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-এর কাছে পাঠানো হবে।
সাবেক বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি রোববার প্রতিবেদন জমা দেয়। এ বিষয়ে বিকেএসপি পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেদন পাওয়ার পরপরই আন্তঃমন্ত্রণালয় বৈঠক করা হয়েছে এবং আইসিসিকে বিষয়টি অবহিত করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তদন্ত কমিটির প্রতিবেদনে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অনিয়মের প্রমাণ না পাওয়ায় বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কাও আপাতত দূর হয়েছে।
এদিকে, তদন্ত কমিটির ডাকে সাড়া না দেওয়া প্রসঙ্গে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক মাধ্যমে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন। তিনি কেন কমিটির সামনে উপস্থিত হননি, তা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদনে তার অনুপস্থিতির বিষয়টি উল্লেখ রয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির সঙ্গে আলোচনা করেই জানানো হবে।
উল্লেখ্য, গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন তামিম ইকবালসহ কয়েকজন সংগঠক। তারা জাতীয় ক্রীড়া পরিষদে অভিযোগ দিলে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়েছে কি না তা খতিয়ে দেখাই ছিল কমিটির মূল দায়িত্ব। নির্ধারিত ১৫ কার্যদিবসের আগেই কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে