Views Bangladesh Logo

ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতন হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। এ সময় তিনি দেশে গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখার পাশাপাশি নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং এর চর্চাও চলছে। এ ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। নাগরিক হিসেবে প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি রয়েছে।

ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো নাগরিককে বঞ্চিত করা হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে সবাই সমান অধিকার নিয়ে বসবাস করেন। এখানে কেউ সংখ্যাগুরু বা সংখ্যালঘু নন, সবাই এ দেশের নাগরিক এবং সংবিধানও সেই অধিকার স্বীকৃতি দিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দায়িত্ব সবার।

গণঅভ্যুত্থানের পর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে সরকারের পাশে থাকার কথাও জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য পূরণে প্রধানমন্ত্রীকে সহযোগিতা করতে হবে এবং তাঁর হাত শক্তিশালী করতে হবে।

অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের একটি পুরোনো অভিজ্ঞতাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, ১৯৯৬ সালে ভূমি মন্ত্রণালয়-সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সদস্য থাকাকালে একটি এলাকা পরিদর্শনে গিয়ে দেখেছিলেন, সেখানে প্রায় আড়াই একর জমি সরকারের দখলে রয়েছে। বাকি জমি আওয়ামী লীগের দখলে ছিল। সরকারি দখলে থাকা জমিটি শ্মশান হওয়ায় সেটি রক্ষা পেয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘ সময়ে ওই সম্পত্তি ১০ থেকে ১২ বার হাতবদল হয়েছে। এখন প্রশ্ন হলো, এসব সম্পত্তি কার কাছ থেকে উদ্ধার করা হবে। তিনি বলেন, ভূমি দখলের এই বাস্তবতা থেকে বোঝা যায়, সম্পত্তি রক্ষায় রাষ্ট্রকে কার্যকর ভূমিকা নিতে হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ