Views Bangladesh Logo

সিদ্ধার্থ-মুগ্ধের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব মেলেনি

রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার দুপুরে রংপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল দুই আসামির ডোপ টেস্টের জন্য নমুনা সংগ্রহ করে। সোমবার দুপুরে পরীক্ষার ফল পাওয়া যায়। এতে তাদের প্রস্রাবে কোনো মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি।

তবে ডোপ টেস্টের ফল নিয়ে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেপ্তারের প্রায় ১০ দিন পর নমুনা সংগ্রহ করায় পরীক্ষায় মাদকের অস্তিত্ব ধরা না পড়তে পারে। এ কারণে মামলার তদন্তে এর কোনো প্রভাব পড়বে না এবং তদন্ত কার্যক্রম চলমান থাকবে।

মামলার তদন্ত কর্মকর্তা ও মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক জিন্নাত আলী জানান, আদালত ডোপ টেস্টের আবেদন মঞ্জুর করার পর আসামিদের নমুনা সংগ্রহ করতে কারাগারে যাওয়া হয়। নিরাপত্তার কারণে তাদের কারাগারের বাইরে নেওয়া সম্ভব না হওয়ায় রংপুর মেডিকেল কলেজের ল্যাবের একজন টেকনোলজিস্ট ও একজন সহকারীকে কারাগারে নিয়ে নমুনা সংগ্রহ করা হয়।

এর আগে গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর নিজ বাসা থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়মের (১২) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের সবাইকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় পরদিন নগরীর মাছুয়াপাড়া এলাকার মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাসকে (১৯) গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা রংপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। মামলার তদন্তের অংশ হিসেবে তাদের ডোপ টেস্ট করা হলেও পরীক্ষায় মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ