এ বছর ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চালুর সম্ভাবনা নেই: বিমানমন্ত্রী
চলতি বছরে ঢাকা থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
রোববার (২১ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হতে অন্তত পাঁচ বছর সময় লাগবে। ফলে এর আগে ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু করা বাস্তবসম্মত নয়।
তিনি আরও জানান, এ সময়ের মধ্যে এয়ারবাস থেকে উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা বিবেচনায় রয়েছে।
এদিকে অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত জানান, দেশের বিমান অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্ধারিত সময়ের মধ্যেই উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো সমন্বিত জাতীয় বেসামরিক বিমান চলাচল মহাপরিকল্পনা প্রণয়নের উদ্যোগের অংশ হিসেবে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে বিমান পরিবহন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষসহ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
মতামত দিন