Views Bangladesh Logo

রাষ্ট্রপতির বিরুদ্ধে আদালতে মামলা করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি অপরাধসহ অন্য কোনো বিষয়ে আদালতে মামলা করা যায় না। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি সাংবিধানিক সুরক্ষা (ইমিউনিটি) ভোগ করেন।

রোববার (২৬ জুলাই) সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুযায়ী যেসব সুযোগ-সুবিধা প্রাপ্য, তিনি তা পাবেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সংবিধান অনুযায়ী স্পিকার সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। পুরো প্রক্রিয়াটি আইনসম্মতভাবেই সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তি বা রাজনৈতিক দলের অভিযোগ তোলার অধিকার রয়েছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মত প্রকাশ ও প্রতিবাদের স্বাধীনতা থাকা উচিত। তবে সরকার এসব অভিযোগে আমলে নেওয়ার মতো কিছু দেখছে না।

মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ এবং বর্তমান সরকারের সময়েও তিনি সংবিধান ও বিধিবিধান অনুযায়ী দায়িত্ব পালন করেছেন এবং সরকার তার সহযোগিতা পেয়েছে।

লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতির ফোনে কথা বলার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমে দেখেছেন। এ বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য-প্রমাণ নেই। বর্তমান প্রযুক্তির যুগে কারও সঙ্গে কথা বলার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয় না।

রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, সে সময়ের কোনো অভিযোগ থাকলে তা তখনকার আইন অনুযায়ী বিবেচিত হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ