Views Bangladesh Logo

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‍্যাব

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার যে আশঙ্কা বা হুমকির কথা বলা হচ্ছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তবে যেকোনো ধরনের ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান র‍্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি বলেন, আমরা এ মুহূর্তে এমন কোনো হুমকি দেখছি না। তবে সম্ভাব্য ঝুঁকি মাথায় রেখে আমাদের নিরাপত্তা ব্যবস্থা ও মোতায়েন অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের কাছ থেকে অস্ত্র, গুলি, চাপাতি এবং মাদক উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউ মার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় ২৪টি টহল দল তিন শিফটে কাজ করছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চেকপোস্ট বসানো হচ্ছে।

র‍্যাবের কর্মকর্তারা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ