আহমদ ছফার কবর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরে বাধা নেই: ডিএনসিসি প্রশাসক
মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক আহমদ ছফার কবর মিরপুরের সাধারণ কবরস্থান থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরে আর কোনো প্রশাসনিক বাধা নেই বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান।
শনিবার (২৭ জুন) হাতিরঝিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ডিএনসিসি প্রশাসক বলেন, কবর স্থানান্তরের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের ছাড়পত্র পাওয়ার অপেক্ষা ছিল। সেই অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে। এখন আহমদ ছফার পরিবার চাইলে যেকোনো সময় কবর স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
এর আগে আহমদ ছফার পরিবার অভিযোগ করেছিল, প্রশাসনিক জটিলতার কারণে কবর স্থানান্তরের কাজ বিলম্বিত হচ্ছে। এ বিষয়ে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম কবর স্থানান্তরের অনুমতি দিয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠান।
এ বিষয়ে লেখক সলিমুল্লাহ খান বলেন, দীর্ঘদিন ধরে আমলাতান্ত্রিক জটিলতায় কবর স্থানান্তরের বিষয়টি আটকে ছিল। গণমাধ্যমে বিষয়টি গুরুত্ব পাওয়ার পর প্রক্রিয়াটি দ্রুত এগিয়েছে।
তিনি জানান, আগামী ৩০ জুন আহমদ ছফার জন্মদিন এবং ২৮ জুলাই তার মৃত্যুবার্ষিকী। এই সময়ের মধ্যেই কবর স্থানান্তরের কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
সলিমুল্লাহ খান আরও বলেন, শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাকের কবরের পাশে আহমদ ছফার জন্য একটি স্থান নির্ধারণ করে রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে আহমদ ছফার ভাতিজা ও সাহিত্যিক নূরুল আনোয়ার ডিএনসিসিতে কবর স্থানান্তরের আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, বাংলা সাহিত্য, সমাজচিন্তা ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে আহমদ ছফার অসামান্য অবদানের যথাযথ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তার কবর সাধারণ কবরস্থান থেকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা প্রয়োজন।
মতামত দিন