Views Bangladesh Logo

জামিন মেলেনি তিন সন্তানসহ কারাগারে যাওয়া সেই মায়ের

গাঁজাসহ গ্রেপ্তারের পর তিন সন্তানসহ কারাগারে যাওয়া সেই মা লাকী আক্তারের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুর আলমের আদালত লাকী আক্তারের জামিন আবেদন নাকচ করে দেয়। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক আবু বকর ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩০ কেজি গাঁজা নিয়ে মঙ্গলবার ঢাকায় আসেন লাকী আক্তার। সে সময় তার সঙ্গে ছিল চার সন্তান—দুই ছেলের বয়স ১৭ ও ৫ বছর এবং দুই মেয়ের বয়স ৬ ও ১ বছর।
বিমানবন্দর এলাকা থেকে গাঁজাসহ তাদের আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। পরে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা করা হয়।

বুধবার তাদের আদালতে হাজির করা হলে লাকীকে কারাগারে এবং বড় ছেলেকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত। তার তিন শিশুসন্তানকে মায়ের সঙ্গে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানোর আদেশের পর এক আইনজীবী লাকীর পক্ষে মামলা লড়তে ওকালতনামায় স্বাক্ষর নেন। বৃহস্পতিবার আইনজীবী লিটন মিয়া জামিনের আবেদন করলে শুনানি শেষে আদালত তা নাকচ করে দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ