Views Bangladesh Logo

কুষ্টিয়ায় পীর শামীম হত্যার ৪৮ ঘণ্টায়ও আটক নেই

কুষ্টিয়ার দৌলতপুরে পীর শামীম রেজা জাহাঙ্গীর হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনার ৪৮ ঘণ্টা পার হলেও এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নিহতের বড় ভাই অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক ফজলুর রহমান বলেন, গতকাল রাতে পরিবারের সবাই মিলে বসে সিদ্ধান্ত নিয়েছি, আমরা আর মামলা করব না। যিনি মারা গেছেন, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না। অযথা ঝামেলায় জড়াতে চাই না।

তিনি আরও জানান, তার বয়স ৭০ বছরের বেশি হওয়ায় মামলা পরিচালনা ও দৌড়ঝাঁপ করার মতো শারীরিক সক্ষমতা নেই।

মামলা না করার বিষয়ে কোনো চাপ আছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, না, কোনো চাপ নেই। দরবারে এখনো পুলিশ অবস্থান করছে।

এদিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পরিবারের সদস্যরা সকালে থানায় এসে মামলা করবেন বলে জানানো হয়েছিল। তবে তারা পরে আর থানায় আসেননি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে গত শনিবার দুপুরে ফিলিপনগর দরবার শরিফে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে হামলা হয়। ওই ঘটনায় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পীর শামীমকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি পুরোনো ভিডিওকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। এরপর শতাধিক মানুষ মিছিল নিয়ে দরবারে হামলা চালায়। পুলিশের উপস্থিতির মধ্যেই হামলা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

ভিডিও ফুটেজে দেখা গেছে, শতাধিক মানুষ স্লোগান দিতে দিতে দরবারের দিকে অগ্রসর হয় এবং পরে ভবনগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ