Views Bangladesh Logo

গুজব ও অপতথ্য প্রতিরোধে নৈতিক শিক্ষার বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য প্রতিরোধে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার দুপুরে যশোর জেলা প্রশাসনের উদ্যোগে ‘অমিত্রাক্ষর’ আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপতথ্য প্রতিরোধ’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে কম শিক্ষিত অভিভাবকদের মধ্যেও নৈতিকতা ও সামাজিক মূল্যবোধের চর্চা ছিল, কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার সঙ্গে সঙ্গে নৈতিক শিক্ষা ক্রমশ হারিয়ে যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের কেবল প্রাতিষ্ঠানিক জ্ঞানে দক্ষ করে তোলাই যথেষ্ট নয়, বরং তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবক উভয়েরই সমান ভূমিকা প্রয়োজন।

অনিন্দ্য ইসলাম অমিত অভিযোগ করেন, রাজনৈতিক ও সামাজিক প্রতিপক্ষকে কোণঠাসা করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে, যার মূল কারণ নৈতিক মূল্যবোধের ক্ষয়। এ প্রবণতা রুখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে নৈতিক শিক্ষার চর্চা বাড়ানোর আহ্বান জানান তিনি।

পাশাপাশি ধর্মীয় গ্রন্থের অপব্যাখ্যার মাধ্যমে সমাজে বিভাজন সৃষ্টির চেষ্টা রুখতে সবাইকে সজাগ থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইমাম পরিষদ ও পূজা উদযাপন পরিষদের মধ্যে নিয়মিত সংলাপ অনেক সমস্যার সহজ সমাধান দিতে পারে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে গুজব ও অপতথ্যবিরোধী জনসচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন এনএসআইয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটের সাব-ইন্সপেক্টর অলক কুমার দে, ইমাম পরিষদের সভাপতি মাওলানা আব্দু মান্নান, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাইদ সান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ