Views Bangladesh Logo

নির্বাচনের কাজে আওয়ামী লীগের কোনো দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ন নির্বাচনের কাজে আওয়ামী লীগের কোনো দোসর নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের সঙ্গে যারা জড়িত, সেখানে আওয়ামী লীগের দোসর বলে কিছু নেই। সবাই নির্বাচনের জন্য প্রস্তুত, সবাই ভালো ও সৎ কর্মকর্তা।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে সিলেটে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে দুপুরে নগরের পিটিআই মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা–বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সিলেটে নির্বাচনী প্রস্তুতি অত্যন্ত ভালো। প্রত্যাশার চেয়েও অনেক ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার প্রতিটি কেন্দ্রে সুরক্ষা অ্যাপ থাকবে, সিসি ক্যামেরা বসানো হবে। কিছু কেন্দ্রে ড্রোন, বডি ক্যামেরা ও ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। সব মিলিয়ে অন্যান্য নির্বাচনের তুলনায় এবার প্রস্তুতি অনেক বেশি শক্তিশালী।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, নির্বাচন দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে বা বিপক্ষে যাবেন না—এমন বক্তব্য একজন নির্বাচন কমিশনার দিয়েছেন। অথচ রিটার্নিং কর্মকর্তাসহ কয়েকজন সরকারি কর্মকর্তাকে গণভোটের প্রচারণা চালাতে দেখা গেছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যেহেতু তিনি নির্বাচন কমিশনারের বক্তব্য শোনেননি, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না।

সভায় সিলেট মহানগর, রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ