Views Bangladesh Logo

আগামী বাজেটে বাড়তি করের চাপ আসবে না: বাণিজ্যমন্ত্রী

আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে ব্যবসায়ীদের ওপর কোনো বাড়তি করের চাপ বা ‘খড়গ’ আসবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৬–২৭’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, রাজস্ব ব্যবস্থাকে শৃঙ্খলিত করতে করের আওতা বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। তবে এর মাধ্যমে ব্যক্তিশ্রেণির কর বাড়ানো হবে না, বরং নতুন করদাতা যুক্ত করার মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করা হবে।

তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অর্থ মন্ত্রণালয়ের পরিকল্পনার ইতিবাচক ফল আগামী বাজেট ও পরবর্তী বছরগুলোতে দেখা যাবে। ব্যবসায়ীদের জন্য অতিরিক্ত করের কোনো চাপ থাকবে—এমন ধারণা ভিত্তিহীন।

আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে জ্বালানি ও সার আমদানিতে ব্যয় বৃদ্ধি পাওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, বর্তমানে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), জ্বালানি তেল ও সার আগের তুলনায় অনেক বেশি দামে কিনতে হচ্ছে। এতে সরকারের ব্যয় বেড়েছে।

তিনি আরও জানান, দেশে দীর্ঘমেয়াদি জ্বালানি মজুদ ব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে অতিরিক্ত খরচ করতে হচ্ছে। এ সমস্যা সমাধানে ভবিষ্যতে স্ট্র্যাটেজিক রিজার্ভ ও প্রক্রিয়া সহজীকরণের উদ্যোগ নেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ