Views Bangladesh Logo

ঈদে বাসে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না: মালিক সমিতি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখী যাত্রীদের যাতায়াত স্বস্তিদায়ক করতে বাসে অতিরিক্ত ভাড়া আদায় না করার কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। দেশের সব জেলা ইউনিটে এই নির্দেশনা কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২ মে) রাজধানীর পরীবাগে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কফিল উদ্দিন আহম্মেদ এবং পরিচালনা করেন মহাসচিব মো. সাইফুল আলম।

সভায় জানানো হয়, কোনো অবস্থাতেই যাত্রীদের কাছ থেকে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

সভায় পরিবহন খাতসংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়—

সাব-কমিটি গঠন: ট্রাক, কাভার্ডভ্যান ও ট্যাংকলরির সুশৃঙ্খল চলাচল নিশ্চিত করতে একটি সাব-কমিটি গঠন করা হবে। এই কমিটি যানজট ও দুর্ঘটনার কারণ চিহ্নিত করে সমাধানের সুপারিশ দেবে।

কর ও ব্যয় ইস্যু: এআইটি (প্রিজাম্পটিভ আয়কর) দ্বিগুণ হওয়া এবং টায়ার-টিউবসহ যন্ত্রাংশের মূল্যবৃদ্ধিতে মালিকদের ক্ষোভের কথা তুলে ধরা হয়। কর কমানো ও শুল্ক হ্রাসের দাবি জানানো হয়েছে।

সংগঠন শক্তিশালীকরণ: সমিতিকে আরও গতিশীল করতে দেশের সব বৈধ পরিবহন সংগঠনকে এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি এম এ বাতেন, সিনিয়র সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকনসহ কেন্দ্রীয় নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ