Views Bangladesh Logo

ঈদে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম দাবি করেছেন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের কাছ থেকে কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না । বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শনে তিনি এ কথা জানান।

শেখ রবিউল আলম যত্রতত্র গড়ে ওঠা অবৈধ বাস কাউন্টারগুলো সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে উল্লেখ করে বলেন, “জনভোগান্তি কমাতে আগামীতে এসব যত্রতত্র কাউন্টার স্থাপন প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করা হবে।” এছাড়া বাড়তি ভাড়া আদায় রোধ ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ইতিমধ্যে মোবাইল কোর্টের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার কঠোর অবস্থানে রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, “ঈদ উপলক্ষে সড়ক, সেতু ও নৌ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। মাঠ পর্যায়ে সেবা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও জানান, সরকারি ভাড়া অনুযায়ী পরিবহনগুলোতে যাত্রী পরিবহন করা হচ্ছে। তবে বাস ছেড়ে যাওয়ার পর রাস্তা থেকে যাত্রী তোলার সময় কিছু ক্ষেত্রে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ এসেছে। মন্ত্রণালয় এসব বিষয়ে অভিযান চালাচ্ছে এবং বিচ্যুতির খবর পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে মন্ত্রী বাস টার্মিনালের বিভিন্ন কাউন্টার ঘুরে দেখেন এবং সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলে ঈদযাত্রার সার্বিক পরিস্থিতি জানেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবহন মালিক সমিতির নেতারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ