দেশে আনা হচ্ছে না লেবাননে নিহত বাংলাদেশির মরদেহ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি যুবক মোহাম্মদ নিজাম উদ্দিনের মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস। যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হচ্ছে না।
এক বিবৃতিতে দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, মরহুমের স্ত্রী লেবাননে আছেন। তার সঙ্গে দূতাবাস থেকে যোগাযোগ রাখা হচ্ছে।
এদিকে লেবানন প্রবাসী নিহতের ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান ‘রেমিট্যান্সযোদ্ধা’ মোহাম্মদ নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, স্থানীয় সময় গতকাল শনিবার বিকেলে বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে বিমান হামলায় নিহত হন মোহাম্মদ নিজাম। তার বাড়ি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার খারেরা এলাকায়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে