বড়াইগ্রামে ট্যাংক লরি থেকে নাইট্রোজেন গ্যাস লিক, সাদা ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা
নাটোরের বড়াইগ্রামে ভারত থেকে আমদানি করা নাইট্রোজেনবাহী একটি ট্যাংক লরি থেকে বিপুল পরিমাণ গ্যাস লিক হয়ে খোলা বাতাসে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বনপাড়া হাইওয়ে হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল বন্দর থেকে নাইট্রোজেন গ্যাস বোঝাই করে লরিটি ঢাকার দিকে যাচ্ছিল। বনপাড়া হাইওয়ে হোটেলের সামনে লরি থামিয়ে চালক খাবার খেতে গেলে হঠাৎ বিকট শব্দে ট্যাংকের লোডিং পয়েন্ট খুলে যায়।
এরপর দ্রুতগতিতে গ্যাস বের হতে শুরু করলে অল্প সময়ের মধ্যেই আশপাশের এলাকা ঘন সাদা ধোঁয়ায় ঢেকে যায়। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চালক লরিটি নিয়ে সেখান থেকে চলে যান। পরে খোঁজ নিয়ে লরিতে আমদানি করা নাইট্রোজেন গ্যাস থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
ঘটনার কারণ এবং গ্যাস লিকের পরিমাণ জানতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
মতামত দিন