প্রেম–বিচ্ছেদের আবেগে নিসর্গের নতুন গান ‘নীরব ঠিকানা’
তরুণদের জনপ্রিয় সংগীতদল নিশর্গ নতুন মৌলিক গান নিয়ে হাজির হয়েছে। শুক্রবার প্রকাশিত তাদের গান ‘নীরব ঠিকানা’ প্রেম, বিচ্ছেদ ও না বলা অনুভূতির গভীরতাকে আবেগঘন সুরে তুলে ধরেছে। প্রকাশের পর থেকেই গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকালিস্ট ও গিটারিস্ট সাইদুল ইসলাম সোহাগ। তার পরিণত কণ্ঠ পরিবেশন গানটির আবেগকে আরও শক্তিশালী করেছে। কথা ও সুর করেছেন ব্যান্ডের ড্রামার ও ম্যানেজার তাওহীদুল ইসলাম শাকিল। সঙ্গীত আয়োজন করেছেন কীবোর্ডিস্ট মো. সেলিম আহমেদ (এস কে সাগর শান)। ইন্ট্রো ও কোরাসে হারমনি কণ্ঠ দিয়েছেন লিহাত আরা লেমিস। বেজ গিটারে ছিলেন তানজিম আহমেদ দিপু। সমন্বিত প্রচেষ্টায় গানটি পূর্ণতা পেয়েছে বলে জানিয়েছে ব্যান্ড।
‘নীরব ঠিকানা’ সফট রক ও আধুনিক পপ-রকের মিশ্রণে নির্মিত। প্রতিটি বাদ্যযন্ত্রের ভারসাম্যপূর্ণ ব্যবহার গানটির আবেগঘন আবহকে আরও গভীর করেছে। গানটি প্রকাশিত হয়েছে নিশর্গের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। পাশাপাশি স্পটিফাই, অ্যাপল মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মেও এটি শোনা যাচ্ছে।
২০১২ সালে প্রতিষ্ঠিত নিশর্গ ব্যান্ড নিয়মিত মৌলিক গান প্রকাশের মাধ্যমে নিজস্ব শ্রোতাগোষ্ঠী গড়ে তুলেছে। দেশ-বিদেশের বিভিন্ন কনসার্টেও অংশ নিয়েছে তারা। ব্যান্ডের আশা, নতুন এই গান শ্রোতাদের হৃদয়ে স্থায়ী ছাপ রাখবে এবং বাংলা মৌলিক সংগীতে নতুন মাত্রা যোগ করবে।
ড্রামার তাওহীদুল ইসলাম শাকিল বলেন, এই গানটি আমাদের আগের কাজগুলোর থেকে ভিন্ন ধাঁচের। সোহাগ ভাই এতে অনেক বেশি পরিশ্রম করেছেন। ইন্ট্রো ও কোরাসে লিহাত লেমিসের হারমনি গানটিকে আরও প্রাণবন্ত করেছে। ‘নীরব ঠিকানা’ শুধু একটি গান নয়, এটি বহু মানুষের না বলা অনুভূতির সুর।
বর্তমান লাইনআপে রয়েছেন সাইদুল ইসলাম সোহাগ, লিহাত আরা লেমিস, মো. সেলিম আহমেদ, তানজিম আহমেদ দিপু ও তাওহীদুল ইসলাম শাকিল। ‘নীরব ঠিকানা’কে ব্যান্ডটির সৃজনশীলতার নতুন দিকচিহ্ন হিসেবে দেখছেন সংগীতপ্রেমীরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে