দুই সপ্তাহ পর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের বহির্বিভাগ চালু
দীর্ঘ দুই সপ্তাহ বন্ধ থাকার পর, আজ থেকে আবার চালু হলো জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইওএইচ) বহির্বিভাগ সেবা। এতে চোখের চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে স্বস্তি ফিরেছে।
এদিন সকাল ১১টা ২০ মিনিটে হাসপাতালের নিচতলায় প্রায় ২০০ জন রোগীকে অপেক্ষা করতে দেখা গেছে। গত ২৮ মে হাসপাতালের চিকিৎসক-কর্মকর্তাদের সঙ্গে জুলাইয়ের আন্দোলনে আহত কয়েকজন রোগী ও তাদের স্বজনদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের সেবা বন্ধ করে দেয়।
সীমিত পরিসরে জরুরি সেবা ৪ জুন থেকে চালু হলেও, বহির্বিভাগের সেবা আজকের আগে পর্যন্ত বন্ধই ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সীমিত আকারে বহির্বিভাগ চলবে।
তবে সকাল ১১টা ২০ মিনিটে দেখা যায়, টিকিট কাউন্টার বন্ধ। হাসপাতালের সহায়তা ডেস্কে দায়িত্বে থাকা এক নার্স জানান, টিকিট দেয়া সকাল ১১টায় বন্ধ হয়ে গেছে। তবে কেন বন্ধ হয়েছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি।
তিনি আরও বলেন, আমরা আশা করছি শনিবার থেকে পুরোদমে সব সেবা চালু করতে পারব।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে