Views Bangladesh Logo

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নতুন বেতন কাঠামোয় সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা এবং সর্বনিম্ন ২০ হাজার টাকা। নতুন কাঠামোয় বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়বে।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পে-স্কেলের প্রস্তাব অনুমোদন করা হয়। অনুমোদিত কাঠামো অনুযায়ী বেতন বৃদ্ধির হার ধাপে ধাপে কার্যকর করা হবে। নতুন বেতন কাঠামোর কার্যকর তারিখ ধরা হয়েছে চলতি বছরের ১ জুলাই।

নতুন স্কেলে গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বিপরীতে ২০তম গ্রেডে মূল বেতন হবে ২০ হাজার টাকা। এর ফলে বিদ্যমান বেতন কাঠামোর তুলনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতনে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে।

নবম পে-স্কেলে প্রথমবারের মতো প্রতিবন্ধী সন্তান ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে। এ ভাতার আওতায় সংশ্লিষ্ট সরকারি চাকরিজীবীরা প্রতি মাসে ৩ হাজার টাকা পাবেন। একই বৈঠকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী-২০২৬’ অনুমোদন করা হয়েছে।

নতুন বেতন কাঠামো চূড়ান্ত করার প্রক্রিয়ায় নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা করেছে সরকারের গঠিত সচিব কমিটি। গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের এ কমিটি গঠন করা হয়। এর আগে ২০২৫ সালের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেয়।

বেতন কমিশনের সুপারিশে বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার এবং সর্বোচ্চ ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব ছিল। তবে সরকারের পর্যালোচনার পর চূড়ান্ত কাঠামোয় সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন পে-স্কেল বাস্তবায়নে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

চলতি বছরের ১ জুলাই থেকে নতুন কাঠামো কার্যকর ধরা হলেও প্রজ্ঞাপন জারি ও বাস্তবায়ন প্রক্রিয়ার পর বেতন সমন্বয়ের বিষয়টি সামনে আসবে। এর ফলে নতুন কাঠামো অনুযায়ী বকেয়া বেতন পরবর্তী সময়ে সমন্বয়ের সুযোগ থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ